মূল অংশে যান

এখন চলছে

জানুন/নির্দেশিকাদুর্যোগ প্রস্তুতি

বন্যার আগে জরুরি কাগজপত্র নিরাপদ রাখার উপায়

জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, জমির দলিল, সনদ আর চিকিৎসার কাগজ হারালে আবার তোলা কঠিন। ফোনে ছবি, আলাদা জায়গায় ফটোকপি, আর আসল কাগজ পানিরোধী ব্যাগে উঁচু জায়গায়।

দেশের কাজ দল১৩ অক্টোবর, ২০২৬

কোন কাগজ একটি তালিকা করুন, পরিবারের প্রত্যেকের জন্য: - জাতীয় পরিচয়পত্র আর জন্মনিবন্ধন সনদ - জমির দলিল, খতিয়ান, খাজনার রসিদ - পড়াশোনার সনদ আর মার্কশিট - ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের কাগজ, সঞ্চয়পত্র, বিমার কাগজ - ভাতা কার্ড বা সরকারি সহায়তার কার্ড - চিকিৎসার ব্যবস্থাপত্র আর নিয়মিত ওষুধের নাম - জরুরি ফোন নম্বরের একটি লেখা কাগজ

তিন জায়গায় রাখুন - ফোনে: প্রতিটি কাগজের দুই পাশের পরিষ্কার ছবি তুলুন। সম্ভব হলে নিজের ইমেইলে পাঠিয়ে রাখুন, যাতে ফোন হারালেও থাকে। - ফটোকপি: এক সেট ফটোকপি পলিথিনে মুড়ে বন্যার বাইরের কোনো আত্মীয়ের বাড়িতে রাখুন। - আসল কাগজ: একটি জিপ-লাগানো বা মুখ বাঁধা মোটা পলিথিন বা পানিরোধী ব্যাগে, তার ওপর আরেকটি ব্যাগে, ঘরের সবচেয়ে উঁচু জায়গায়। সরতে হলে এই ব্যাগটি সবার আগে হাতে নিন।

সাবধানতা - কাগজের ছবি কোনো অচেনা মানুষ বা গ্রুপে পাঠাবেন না। জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়ে প্রতারণা করা যায়। - কাগজ ভিজে গেলে জোরে ঘষবেন না, রোদে বা আগুনে শুকাবেন না; ছায়ায়, বাতাসে আলাদা আলাদা পাতা মেলে শুকান। - কাগজ হারালে ছবি বা ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যান; ফটোকপি থাকলে নতুন কাগজ তোলা অনেক সহজ হয়। কোন সেবা কোথায়, জানতে ৩৩৩।

এই কাজ এক বিকেলের। বর্ষার আগেই সেরে ফেলুন।

মন্তব্য ০

এখনো কেউ মন্তব্য করেননি। আপনিই প্রথম করুন।

    মন্তব্য করতে সাইন ইন করুন

    মানচিত্র

    লগইন, ভাষা আর অ্যাডমিন সাইডবার ছাড়া শুধু Google Analytics-এর কুকি আছে, যা গোনে কোন পাতা পড়া হচ্ছে আর পাঠকেরা কোথা থেকে আসছেন। কোনো বিজ্ঞাপন নেই, আপনার তথ্য আমরা কখনো বিক্রি করি না। বিস্তারিত